প্রেমিকার সঙ্গে মালাবদল বাহুবলীর বল্লালদেবের

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৫:২৮ পিএম

করোনা মধ্যেই বিয়ে সেরে ফেললেন বাহুবলীর খলনায়ক বল্লালদেব মানে রানা ডাগ্গুবতী। শনিবার রাতে দীর্ঘদিনের প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে মালাবদল করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি বছরের মে মাসেই মিহিকার সঙ্গে বাগদান সেরেছিলেন রানা। এবার বিয়ের অনুষ্ঠানও সেরে ফেললেন তারা।

হায়দরাবাদের রামানাইডু স্টুডিওতে আয়োজিত বিয়ের আসরে আমন্ত্রিত হন বাহুবলীর অন্যান্য তারকারাও। নাগা চৈতন্য থেকে রামচরণ, আল্লু অর্জুনসহ দক্ষিণী সুপারস্টারেরা হাজির হয়েছিলেন রানার বিয়েতে।

পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলে মোট ৩০ জন উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি মিলে অতিথিদের। 

এদিন অফ হোয়াইট রঙের ধুতি-কুর্তায় সেজেছিলেন রানা। আর মিহিকা পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই গয়না, নাকে বড় নথ।

গত কয়েকদিন ধরেই পারিবারিকভাবে বিয়ের আয়োজন শুরু হয়। দক্ষিণী কিছু আচার অনুষ্ঠান ছাড়াও আয়োজন হয় গায়ে হলুদ। 

রানা-মিহিকার বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করে প্রিয় বন্ধু রামচরণ লেখেন, অবশেষে আমার ‘হাল্ক’ বিবাহিত। মিহিকা এবং রানা, নতুন জীবনে খুব ভাল থেকো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত