ভারতে করোনা রোগীদের চিকিটসার জন্য নির্ধারিত একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে।
আলজাজিরা জানায়, রবিবার স্থানীয় সময় ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলে আগুন লাগে।
ওই হোটেলটিকে একটি অস্থায়ী কভিড সেন্টারে পরিণত করা হয়। কম উপসর্গযুক্ত রোগীদের সেখানে ভর্তির ব্যবস্থা করা হয়েছিল। একটি বেসরকারি হাসপাতাল এই উদ্যোগ নিয়েছিল।
জানা যায়, এদিন ভোরে হোটেলটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অধিকাংশ রোগীই সে সময় ঘুমোচ্ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে আধঘণ্টার মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ২০ জন রোগী এবং বেশ কিছু হাসপাতালের কর্মীকে উদ্ধার করা হয়। তবে প্রাণহানি ঘটে ১১ জনের।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে এক কোয়ারেন্টাইন সেন্টারে শর্টসার্কিট থেকে লাগা আগুনে আটজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে ৪৩ হাজারে বেশি। রোগীদের জায়গা সংকুলান না হওয়ায় অনেক স্থাপনাকে অস্থায়ী করোনা সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
