‘বরিশালের শিক্ষা ও সংস্কৃতি বিস্তারের মূর্ত প্রতীক অশ্বিনী কুমার’

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:৪৪ পিএম

বরিশালের শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের মূর্ত প্রতীক অশ্বিনী কুমার দত্ত। পিছিয়ে থাকা বরিশালকে আলোকিত করে গেছেন তিনি। তার বাড়িতে প্রতিষ্ঠিত বরিশাল কলেজের সঙ্গে তার নাম যুক্ত হলে বরিশাল সমৃদ্ধ হবে। ধর্মীয় চিন্তা থেকে নয়, প্রগতিশীল মুক্তবুদ্ধির মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ এই নামকরণের বিরুদ্ধে থাকতে পারে না।

রবিবার বেলা ১২টায় বরিশালের একটি কমিউনিটি সেন্টারে সরকারি বরিশাল কলেজকে অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

কমিটির আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, অশ্বিনী কুমারকে নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠনের ঐক্যবদ্ধ হওয়া দরকার। একই সঙ্গে ধর্ম দিয়ে যেন অশ্বিনী কুমারসহ দেশের বরেণ্য মানুষদের পৃথক করা না হয়।

বক্তারা আরও বলেন, অশ্বিনী কুমারের নাম বরিশাল কলেজের সঙ্গে যুক্ত করা কোনো একক ব্যক্তির প্রচেষ্টা নয়। তাই এটাকে ব্যক্তিগতভাবে যারা দেখছেন তারা ভুল করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত