দিনমজুরের প্রতিবন্ধী মেয়ে কে (১৩) বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে কথিত নানার বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, ভিকটিম সরকারের প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগী একজন প্রতিবন্ধী শিশু।
এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী কথিত নানা আবু তাহের ওরফে আবুল (৫০) পেশায় একজন পান ব্যবসায়ী।
রবিবার দুপুরের সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা চলছে, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কথিত নানা পালিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভিকটিমের ভগ্নিপতি দেশ রূপান্তরকে জানায়, ঈদের দুই দিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আবুল ভিকটিমের বাড়ির পাশের তার ভাইয়ের বাড়িতে আসে গরুর জন্য খড় নিতে। খড় নিয়ে যাওয়ার সময় অভিযুক্তের শিশু ভাতিজি বায়না ধরে চাচার সঙ্গে তার বাড়িতে যাবে। পরে আবুল নিজ ভাতিজিকে কোলে নিয়ে ভিকটিমের পরিবারের সম্মতিতে ভিকটিম খড়ের বোঝা নিয়ে নানা আবুলের সঙ্গে বাড়িতে যায়। ওই রাতে আবুলের পরিবারের লোকজন না থাকায় ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ভিকটিম বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে পারিবারিকভাবে মীমাংসার পর্যায়ে চলে যায়। কিন্তু ভিকটিমের বড় বোন ও ভগ্নিপতি চাকরির সুবাদে বাড়িতে না থাকায় পরে বাড়িতে এসে রবিবার স্থানীয়ভাবে বিচার সালিসে জমায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে হাজির হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম রবিবার দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুজন এসআই সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতিবন্ধী শিশুর ধর্ষণের চেষ্টা ঘটনার সত্যতা পাওয়ায় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
