বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বাধীন দেশে বিনা বিচারে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না। গতকাল রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। এ সময় গয়েশ্বর চন্দ্র কক্সবাজার-টেকনাফ-উখিয়ায় সংঘটিত বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।
প্রবীণ এ বিএনপি নেতা আরও বলেন, বিনা বিচারে উখিয়া-টেকনাফে ২৬৪ জন মানুষ হত্যা হয়েছে। এভাবে স্বাধীন দেশে মানুষ হত্যা হয় না। সন্দেহ করে আপনি মানুষ মেরে ফেলবেন? এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের বিষয়ে পত্রিকায় যে রিপোর্টগুলো দেখলাম তাতে দেখা যায়নি তিনি উদ্যত হয়েছেন। তিনি অস্ত্র হাতে নিয়ে আসছেন তাও না। তাহলে তাকে কেন গুলি করার প্রয়োজন দেখা দিল? আর পুলিশের নিয়ম আছে আত্মরক্ষার্থে হাঁটুর নিচে গুলি করা; যাতে সে এগোতে না পারে। বুকে গুলির অর্ডার তো পুলিশের থাকে না, নিয়মও নেই।’ সাবেক এই মন্ত্রী বলেন, ‘সিনহা হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা যদি হয়, তাহলে সরকারপ্রধানের কাছে জানতে চাই, দুটি বাহিনীপ্রধান বিচ্ছিন্ন ঘটনার জন্য সময় নষ্ট করলেন কেন? আমরা এটুকু বিশ্বাস করি তাদের সর্বোচ্চ যোগ্যতা আছে বলেই তারা সেখানে আছেন। একজন প্রধানের তো ওখানে যাওয়ার দরকার হয় না। পুলিশপ্রধান ঢাকায় বসে অর্ডার দিলেই দ্যাটস এনাফ।’
