চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
এ তথ্য নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ।
রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী। রাতে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।
সোমবার দুপুর সোয়া ২টার পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ করে এফডিসিতে। সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের দ্বিতীয় জানাজা। এর পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।
এর আগে সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় কিংবদন্তি সংগীত পরিচালকের বনশ্রীর বাসায়। সেখানে বিটিভির সহকর্মী ও এলাকাবাসীর জন্য তাকে রাখা হয় দুপুর ১২টা পর্যন্ত। এরপর নেওয়া হয় খিলগাঁওয়ে আলাউদ্দিন আলীর আদি বাড়িতে।
বাদ জোহর খিলগাঁও তালতলা মোড়ে নূর-এ-বাগ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলাউদ্দিন আলীকে শেষবারের মতো এফডিসিতে আনা হয়। সেখান থেকে মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।
আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল সংস্কৃতিমনা। সেই আবহেই সংগীতের সঙ্গে বেড়ে উঠা। তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পেয়েছেন আরও অনেক স্বীকৃতি। চলচ্চিত্র ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিক গানে উপহার দিয়েছেন অনেক কালজয়ী সৃষ্টি।
