রাজশাহীর মসজিদ মিশন একাডেমির প্রায় ১১ কোটি টাকার হদিস পায়নি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, যে টাকা জঙ্গিবাদ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে ব্যয় করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য জানিয়েছেন, ২০০৬-৭ থেকে ২০১৫-১৬ অর্থবছরের মধ্যে এই টাকা নগদে খরচ দেখানো হয়েছে। অডিটের সময় ব্যাংক চেকের মাধ্যমে টাকা খরচের কোনো তথ্য পাওয়া যায়নি। নগদে কোন খাতে টাকা খরচ হয়েছে তারও কোনো হিসাব পাওয়া যায়নি।
সোমবার নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য দিয়েছেন।
রাজশাহীর মজিদ মিশন একাডেমি একটি বেসরকারি সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত। বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখা নামের ওই সংস্থা ১৯৭৬ সালে সমাজসেবা থেকে নিবন্ধন নেয়। এরপর সংস্থাটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে। বিএনপি-জামায়াত সরকারের আমলে স্কুলটি এমপিওভুক্ত হয়। তবে নিবন্ধনের পর সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো অডিট করায়নি। নিজেদের ইচ্ছেমতো কমিটি গঠন করে সংস্থাটি পরিচালিত হয়ে আসছে। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানেরও কমিটি হয় নিজেদের ইচ্ছেমতো।
সাংবাদিকদের সাংসদ বাদশা জানান, মসজিদ মিশন একাডেমির প্রভাষক মাইনুল ইসলাম নগরীর লক্ষ্মীপুরের জমজম ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও চাকরি করছেন। অনিয়ম করে দুই স্থান থেকেই বেতন নেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ১৪টি মামলা রয়েছে।
এছাড়া মসজিদ মিশন একাডেমির সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদৎ হুসাইন ও প্রভাষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে চারটি করে মামলার বিবরণ তুলে ধরা হয়। এছাড়া প্রভাষক কামরুজ্জামান সোহেলের সাতটি এবং সহকারী শিক্ষক ফরিদ উদ্দীন আত্তার ও তৌহিদুল ইসলামের দুটি করে মামলার বিবরণ দেওয়া হয়। এরা স্কুল ছুটির পর সেখানেই সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় গ্রেপ্তার হয়েছেন একাধিকবার। কিছু দিন পর জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু মসজিদ মিশন সংস্থা কিংবা স্কুল পরিচালনা কমিটি কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে গত ২২ জুলাই বাংলাদেশ মসজিদ মিশনের রাজশাহী জেলা শাখার নিবন্ধন বাতিল করতে সমাজসেবা কার্যালয়কে আধা-সরকারি (ডিও) চিঠি দেন ফজলে হোসেন বাদশা।
এতে তিনি বলেছেন, অরাজনৈতিক সংস্থা হিসেবে নিবন্ধন নিয়ে মসজিদ মিশন রাজশাহীতে জামায়াত-শিবিরের সরাসরি সম্পৃক্ততায় পরিচালিত হচ্ছে। শুরু থেকেই সংস্থাটির কর্মকাণ্ড স্বাধীনতাবিরোধী এবং জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণামূলক। তাই এটির নিবন্ধন বাতিল করা প্রয়োজন।
বাদশা বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে মসজিদ মিশন সংস্থা চলছে। তাদের গঠনতন্ত্রের কোথাও স্কুল প্রতিষ্ঠার কথা ছিল না। কিন্তু তারা করেছে। তারা ইচ্ছেমতো স্কুলটি পরিচালনা করে। তাই সংস্থাটির নিবন্ধন বাতিল করা প্রয়োজন। একইসঙ্গে স্কুলটি সরকারের তত্ত্বাবধানে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, স্কুলে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংগীত গাওয়া হতো না। আমরা বাধ্য করেছি। কিন্তু স্কুলে এখনো সরকারের পাঠ্যসূচি অনুসরণ করা হয় না। কোমলমতি শিক্ষার্থীদের জামায়াতের বই পড়ানো হয়। তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এ টাকা জঙ্গিবাদ-নাশকতায় ব্যয় করা হয়। এক সময় বাংলাভাইকে সহায়তা করা হতো। আমরা তাদের আয়-ব্যয়ের হিসাব দেখতে চাই।
তিনি বলেন, শিক্ষাবোর্ড মসজিদ মিশন একাডেমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সমাজসেবা অধিদপ্তরও সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
