আড়াইহাজারে নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৩:৩৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী নারী ৫ জনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ভুক্তভোগী নারী সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি গার্মেন্টসে কাজ করেন এবং ভাড়া বাসায় বাস করেন।

৮ আগস্ট রাত সাড়ে ৮টায় কাঁচপুরের বাসা থেকে আড়াইহাজার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ১০টায় আড়াইহাজার কাকাইল মোড়া খেয়াঘাটের সামনে রিকশার জন্য অপেক্ষা করলে অজ্ঞাতনামা ৪জন যুবক বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সঙ্গে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলে হঠাৎ তাদের দুজন কাপড় দিয়ে চোখ ও মুখ ধরে আর দুজন জোর করে তুলে রাস্তার পাশে ধানক্ষেতে নিয়ে একেক করে ধর্ষণ করেন। প্রায় দুই ঘণ্টায় একাধিকবার নির্যাতনের পর স্থানীয় এক লোক এসে তাদের চলে যেতে বললে ওই চারজন চলে যায়। পরে ওই লোক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শ্বশুর বাড়িতে পৌঁছে দেন।

ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি লোকলজ্জার ভয়ে গোপন রাখেন। পরবর্তীতে স্বামী বিষয়টি জানতে পারলে সোমবার রাত সাড়ে ১০টায় ভুক্তভোগী নারী ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মঙ্গলবার সকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত