সিআইডির এসপি পরিচয়ে বিভিন্ন হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)। গত সোমবার গাজীপুরের জয়দেবপুর ও ঢাকার মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মো. আকমল হোসেন (৪৫) ও মো. জহিরুল ইসলাম দীপক (৫০)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ১০টি সিম, সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিজিটিং কার্ড ও দুটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি আশরাফউল্লাহ জানান, নিজেদের হিউম্যান রাইটস কমিশনের সদস্য পরিচয় দিয়ে ৯৯৯-এ ফোন করে প্রথমে বিভিন্ন থানার ডিউটি অফিসারদের নম্বর সংগ্রহ করত আকমল ও দীপক। পরে নিজেদের সিআইডির এসপি পরিচয় দিয়ে সংশ্লিষ্ট থানার হাসপাতাল মালিকদের ফোন নম্বর সংগ্রহ করত ওই দুজন।
