গত ২৪ ঘন্টার টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি আবারও বিপদ সীমার শূন্য দশমিক নয় ছয় (০.৯৬) মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার দুপুর থেকে পানি বৃদ্ধি পায়।
উপজেলার বাগেরভিটা ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, এর আগে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চেল্লাখালী নদীর দুটি বাঁধের অংশে ভাঙন দেখা দেয়। একটি চেল্লাখালী স্কুল ঘরের কাছাকাছি আর অন্যটি সন্ন্যাসীভিটার পশ্চিমপাড়ে। ওই সময় সেখানকার দুটি স্কুল ভবন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কিছু বালুর বস্তা ফেলে। কিন্তু সন্ন্যাসীভিটায় কোন কাজ করা হয়নি।যদি এবার পানির তীব্রতা খুব বেশি হয় তাহলে ওই দুটি বাঁধ এবারও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন নদী গর্ভে বিলীন হতে পারে। এ ছাড়া সন্যাসীভিটার আংশিক, পাঁচগাঁও, দোহারীয়াপাড়া, সন্ন্যাসীভিটা পশ্চিম পাড়সহ আশপাশের গ্রামগুলো প্লাবিত হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জিয়াসমিন খাতুন জানান, বুধবার দুপুর থেকে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
