ফেনীতে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যবসায়ী ও মাহবুবুল হক (৩৩) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ফেনী-লালপোল সড়কের দাউদপুর সবজি আড়ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে ফেনী শহরের দাউদপুর সংলগ্ন সবজি আড়তের সামনে ফেনীগামী একটি সিএনজির সঙ্গে মহাসড়কগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম (৪০) মারা যায়। তিনি ফেনী শহরের বড় বাজারের সবজি ব্যবসায়ী এবং রামপুর হাজি ছিদ্দিক আহাম্মদ মৌলভি বাড়ির বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক মাহবুবুল হককে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়া গ্রামের দিঘীরপাড় কালার বাড়ির বাসিন্দা।
এ ঘটনায় আহত হন সিএনজিযাত্রী কালীদহ ইউনিয়নের তুলাবাড়িয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে অমিত চন্দ্র দাস, একই এলাকার সুরেশ দেবের ছেলে সুধী দেয় ও জগদীশ চন্দ্র দাসের মেয়ে সুমিতা রাণী দাস। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল ও নিহতের লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
