নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবকের গলা ও হাতের কবজি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে গোপালদী বাজার বড় মসজিদ মার্কেটের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াইহাজারের গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদে লাশটি পড়েছিল। মৃতের দুই হাতের কবজি ও গলার অগ্রভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত সাইফুল বিশনন্দী গ্রামের ওছমানের ছেলে। সে তার নানা বাড়ি উলুকান্দি ব্যাপারী পাড়া গ্রামে থাকত। তার বাবা ওছমান বিদেশে থাকেন। গোপালদী বাজারের মণির ফামের্সীতে কাজ করত সে। তবে ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে আর ফেরেনি।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গোপালদী মসজিদ মার্কেটের তিনতলা ভবনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনো জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাহার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেল ৪টায় তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হয়েছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
