কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করার ঘটনার বিবরণ দিয়েছেন তার সহযোগী শাহাদুল ইসলাম সিফাত।
তিনি জানান, সে দিন তাদের গাড়ির দিকে আসেন এসআই লিয়াকত। তিনি তাদের গাড়ির সামনে একটি ড্রাম রেখে দেন।
সিফাত বলেন, এরপর আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম। সিনহাও নেমে আসলেন। আমি তাকে বলতে শুনলাম, শান্ত হন, শান্ত হন... এর কিছুক্ষণ পর আমি গুলির শব্দ শুনতে পাই।
সিনহার মৃত্যুর ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার সিফাত ৩১ জুলাই রাতে জিজ্ঞাসাবাদে এসব বলেন। তাকে জিজ্ঞাসাবাদের এ ভিডিও একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হয়।
পুলিশের করা দুই মামলায় সিফাত সোমবার জামিনে মুক্ত হন।
ওই ভিডিওতে সে দিনের বিবরণ দিয়ে তিনি জানান, সে দিন আমাদের হাতে ক্যামেরা ট্রায়পড ছিল। তবে তখন কেউ বুঝতে পারেনি সেটা ট্রায়পড ছিল। পাহাড় থেকে নামার সময় আমাদের কাছে কোনো অস্ত্রই চিল না।
তিনি জানান, এরপর যখন আমরা চেকপোস্টে আসি তখন দায়িত্বরত পুলিশ আমাদের বলেন ঠি আছে আপনারা যেতে পারেন। তখন তিনি (লিয়াকত) আমাদের দিকে আসেন। আমরা গাড়ির জানালার কাঁচ তুলতে গেলে তিনি থামতে বলেন এবং আবার আমাদের পরিচয় জানতে চান। আমরা নিজেদের পরিচয় দেখানোর পর তিনি গাড়ির সামনে একটি ড্রাম এনে রাখেন।
এরপর সিফাত গুলির শব্দ শোনেন এবং সিনহাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন।
সিফাত আরো জানান, আমি ভেবেছিলাম গুলি হয়ত সিনহার গায়ে লাগেনি। ফাঁকা গুলি ছুড়েছে হয়ত। তখনই আমি খেয়াল করি সিনহা রক্তে ভেসে যাচ্ছে।
তিনি জানান, আমি নামার সময় দেখেছি সিনহা যখন গাড়ি থেকে নামছিলেন তখন তিনি তার পিস্তল গাড়িতে রেখে দিয়েছিলেন। তিনি মাথার ওপর দুই হাত তুলে গাড়ি থেকে নামেন। তবে গাড়ির পেছন দিকে থাকায় আমি তার পদক্ষেপ খেয়াল করতে পারিনি।
সিনহা মো. রাশেদ খান নিহতের মামলায় চার পুলিশ সদস্য ও পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।
এ ঘটনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ও দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলীসহ নয়জনকে আসামি করে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন সিনহার বোন। মামলাটি কক্সবাজার র্যাব-১৫ তদন্ত করছেন।
