তারেক-মিশুক স্মরণে স্টেপ ফর সিনেমা’র আলোচনাসভা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:৫৪ পিএম

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের তরুণ নির্মাতাদের প্ল্যাটফর্ম স্টেপ ফর সিনেমা।

আজ রাত ৯টায় স্টেপ ফর সিনেমার ফেসবুক পেজ-এ সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। এতে আলোচক হিসেবে অংশ নেবেন তারেক মাসুদ স্মৃতি সংসদের অন্যতম উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন, অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তারেক মাসুদের অনুজ সাঈদ মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি ও প্রাবন্ধিক আঁখি সিদ্দিকা।

আয়োজকেরা জানান, তারেক মাসুদ এবং মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন। আমরা দুই বরেণ্য ব্যক্তির কর্মময় জীবনের নানান বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দাবী জানাবো একটি নিরাপদ সড়ক ব্যবস্থার। যাতে কোনো চলমান স্বপ্নের অকাল মৃত্যু না ঘটে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল নামের একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তারেক মাসুদ এবং তার সহযাত্রী মিশুক মুনীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত