কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পোর্টেবল এক্সরে মেশিন (মোবাইল এক্সরে মেশিন) দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় পোর্টেবল এক্সরে মেশিনটি নিজস্ব অর্থায়নে প্রদান করেন এমপি বাহার। গত বুধবার সকালে কুমিল্লা মোন্সেফবাড়ি কার্যালয়ে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমানের হাতে পোর্টেবল এক্সরে মেশিন তুলে দেন তিনি।
এ সময় এমপি বাহার বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রতিদিনই নতুন সরঞ্জাম দেওয়া হচ্ছে, প্রতিটি বেডে হাই ফ্লো নজেল ক্যানোলা সংযোজন করা হয়েছে, আইসিইউ বেড বাড়ানো হচ্ছে।’
কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, ‘পোর্টেবল এক্সরে মেশিনটি করোনা রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের অক্সিজেন লাগানো থাকা অবস্থায় বেড থেকে নড়াচড়া করতে সমস্যা হয়, তাই এই পোর্টেবল এক্সরে মেশিনটি রোগীর কাছে নিয়ে গিয়ে বেডে থাকা অবস্থায় এক্সরে করা যায়।’
