সরকারবিরোধী আন্দোলনে নেমে গ্রেপ্তার ৬০০০

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৭:১৭ এএম

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে গত রবিবার থেকে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে সরকার অভূতপূর্ব বল প্রয়োগও করছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৬ হাজার মানুষ। বিক্ষোভ সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ১ জন। 

নির্বাচনের ফলাফলে ৮০ দশমিক ২৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো। অন্যদিকে তার প্রধান বিরোধী সভেৎলানা তিখানোভস্কায়া পেয়েছেন মাত্র ৯ দশমিক ৯ শতাংশ ভোট।

বিবিসি বলছে, ফলাফল যাই হোক জনসমর্থনের দিক থেকে বহুগুণে এগিয়ে রয়েছেন সভেৎলানা। তার সমর্থকদের দাবি, স্বৈরাচার লুকাশেঙ্কোকে ক্ষমতায় রাখতে নির্বাচনে ব্যাপক দুর্নীতি এবং জালিয়াতি করা হয়েছে।

‘অনেস্ট পিপল’ নামে একটি স্বাধীন পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, তাদের কাছে থাকা তথ্যমতে, সভেৎলানা অন্তত ৮০ শতাংশ ভোটকেন্দ্রে জয়লাভ করেছেন। এ কারণে অনেকেই এখন ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো বিরোধীদলীয় সমর্থকদের ‘ভেড়া’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিরোধী সমর্থকদের বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেশকে ধ্বংস করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত