কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট ব্যাংক কর্মকর্তা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৩:১০ পিএম

কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর রহমান সাবু (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুরের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মৃত ওই ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমান সাবু কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে এবং যমুনা ব্যাংক যশোর শাখার সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল আরোহী শাহিনুর রহমান যশোর থেকে কুষ্টিয়ায় আসার সময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে শাহিনুর ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন। এতে শাহিনুর রহমান সাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে ওই ব্যাংক কর্মকর্তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় দায়ী ট্রাকটি আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত