ইবুপ্রোফেন করোনা রোগীদের ‘মৃত্যুঝুঁকি বাড়ায় না’

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৪:১৬ পিএম

ইবুপ্রোফেনের মতো ব্যথানাশক ওষুধ সেবন করলে কভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি বাড়ে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা।

করোনা মহামারী শুরু হওয়ার পর ফ্রাঞ্চের স্বাস্থ্যমন্ত্রী এই ওষুধটির ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেন।

কিন্তু আবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এখন বলছেন, ইব্রুপ্রোফেন নিয়ে এই শঙ্কা ভিত্তিহীন।

দ্য সান জানিয়েছে, ব্রিটেনের আটটি হাসপাতালের ১ হাজর ২২২ জন করোনা রোগীকে নিয়ে এই গবেষণাটি করা হয়।

এদের মধ্যে ৫৪ জন আগের সমস্যার কারণ নিয়মিত নন-স্টেরয়েডাল প্রদাহজনক ওষুধ যেমন ইবুপ্রোফেন, নেপ্রোক্সেন এবং ডাইক্লোফেনাক ব্যবহার করেছেন।

এই রোগীদের মৃত্যুহার আর অন্য রোগীদের মৃত্যুহারে কোনো পার্থক্য দেখা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ নেয়াদের মধ্যে মৃত্যুহার বরং একটু কম দেখা গেছে। তবে তারা সংখ্যায় কম হওয়ায় এই হিসাব বিবেচ্য নয়।

গবেষক দলের প্রধান ইলিধ ব্রুস বলছেন, ‘আমাদের পর্যবেক্ষণে কভিড-১৯ রোগীদের ওপর নন-স্টেরয়েডাল প্রদাহজনক ওষুধের কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। তবে ওষুধগুলো নিয়ে পলিসি ঠিক করতে আরও গবেষণার প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত