চট্টগ্রাম নগরীর একে খান এলাকায় একটি বস্তিতে আগুনে প্রতিবন্ধী এক নারীসহ দু'জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন একে খান রেল গেইট সংলগ্ন আজম রোড বস্তিতে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
ফায়ার সার্ভিসের এই কর্মকতা বলেন, ওই বস্তিতে এক কক্ষ বিশিষ্ট ২০-৩০টি ঘর পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু ও একজন প্রতিবন্ধী নারী মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নারীর বয়স ৫৫-৬০ এবং তার আড়াই-তিন বছর বয়েসী নাতি। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
