স্টুডিও থেকে ফেরার পথে নিগ্রহের শিকার গায়ক জুবিন গর্গ। বৃহস্পতিবার একটি স্টুডিও থেকে রেকর্ডিং সেরে ফিরছিলেন বিখ্যাত অসমিয়া গায়ক জুবিন। তখন সঙ্গে ছিলেন, তার গাড়ির চালক এবং দেহরক্ষী। ডিসপুরের গণেশ মন্দিরের সামনে অজ্ঞাতপরিচয় ছয় যুবক এসে তাদের ঘিরে দাঁড়ায়।
চরম গালিগালাজ ও শারীরিক হেনস্থা করেন জুবিনদের। জুবিন জানান, ‘ওই যুবকরা আমার গাড়িটি ছিনিয়ে নিতে চাইছিল। ওদের গাড়ি থেকে নেমে এসে আমার গাড়ির সামনে দাঁড়ায়। আমাদের প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। এরপর মারধর করে। যখন আমি ওদের বাধা দেওয়ার চেষ্টা করি তখন আরও বাজে ভাষায় কথা বলতে শুরু করে।’
গৌহাটির পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তা জানান, তারা অভিযোগ পেয়েছেন। তদন্ত শুরু করেছেন। সন্দেহভাজনদের খোঁজ চলছে। এখনো পাওয়া যায়নি।
কিন্তু গায়ক শারীরিক নিগ্রহের যে অভিযোগ তুলেছেন তা অস্বীকার করেছে পুলিশ। তাদের কথায় হাতাহাতির কোনো চিহ্ন তারা পাননি। কিন্তু গায়কের নামে অশ্লীল মন্তব্যর অভিযোগটি তারা স্বীকার করেছেন।
