কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ জলদস্যু আটক

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০১:৩৪ এএম

বরগুনা পাথরঘাটার পদ্মা এলাকায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ কামাল (৩২) নামে এক জলদস্যুকে আটক করেছে।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি সাগরের ডাকাত দল জামাল বাহিনীর সদস্য। কামাল পাথরঘাটার এলাকার জালাল মিয়ার ছেলে।

শুক্রবার কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের ক্যাম্প কমান্ডার লে. মেহেদী হাসান জানান,  বঙ্গোপসাগরে জেলে ট্রলারে ডাকাতি সংগঠিত করতে অস্ত্র বেচা কেনার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ সদর ইউনিয়নের পদ্মা এলাকায় অভিযান চালায়। অভিযানে কামাল (৩২) নামের একজনকে আটক করা হয় । এসময় তার কাছ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত