জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন রক্তে রঞ্জিত হয়। বুলেটে ঝাঁঝরা করে দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক।
সেদিন ঘাতকদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ সদস্য ও ঘনিষ্ঠজন।
ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর বড় মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা।
