বঙ্গবন্ধুকে হত্যা করে অসাম্প্রদায়িক দেশের স্বপ্নকে হত্যা করা হয়েছিল: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১০:৪৪ পিএম

বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল সে স্বপ্নকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি সংবিধান পরিবর্তন করে আত্মস্বীকৃত খুনিদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের লেবাস দিয়েছিলেন। মানুষের সকল অধিকার সেদিন কেড়ে নেয়া হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পর্কিত সবকিছুকে সেদিন নিষিদ্ধ করা হয়েছিল। জয় বাংলা, বঙ্গবন্ধু ও ৭ মার্চের ভাষণ সেদিন নিষিদ্ধ ছিল। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়া কান্না সত্যিই হাস্যকর।

শনিবার শিক্ষামন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি হাজী আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজি আব্দুল রবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ দলীয় নেতৃবৃন্দ।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনার এই মহামারির সময়ে ও আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। অনলাইনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিতে সরকার কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত