শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল সেই স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হননি, সংবিধান পরিবর্তন করে তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের লেবাস দিয়েছিলেন। মানুষের সব অধিকার সেদিন কেড়ে নেওয়া হয়েছিল। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়াকান্না সত্যিই হাস্যকর। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি হাজী আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ সংগঠনের নেতারা।
মন্ত্রী বলেন, সামরিক শাসক আইয়ুব খানের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। জিয়াউর রহমান আবার সেই বাংলাদেশে সেনা শাসনের জগদ্দলের পাথর চাপিয়ে দিয়েছিলেন।
