দিনাজপুরের পার্বতীপুর শহরের মনিহারিপট্টি সড়কে ‘বইমেলা লাইব্রেরি’র স্বত্বাধিকারী লিয়াকত আলী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিভিন্ন লেখকের লেখা বই দিয়ে নতুন আঙ্গিকে তার বইয়ের দোকান সাজিয়েছেন। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে বেছে নিয়েছেন। এভাবেই তিনি বঙ্গবন্ধুর ২০২০ সালের শাহাদাতবার্ষিকী পালনের ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছেন।
গতকাল শনিবার দুপুরে তার বইমেলা লাইব্রেরিতে গিয়ে দেখা যায় সেলফ ও সেলফের ওপর থরে থরে সাজানো শিশু-কিশোর ও বয়স্ক পাঠকদের উপযোগী বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন প্রকাশনার বই। সংগ্রহে আছে ‘কারাগারের রোজনামচা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘বঙ্গবন্ধুর ভাষণ’, বঙ্গবন্ধু ও বাঙালি জাতি’, ‘ছোটদের বঙ্গবন্ধু’ ও ‘ছড়ায় কবিতায় বঙ্গবন্ধু’সহ বঙ্গবন্ধুর ওপর লেখা ভিন্ন ভিন্ন মেজাজের শতাধিক গ্রন্থ। শোক দিবসে বইমেলা লাইব্রেরির ব্যতিক্রমী এ আয়োজন অনেক উৎসুক পাঠকের দৃষ্টি কেড়েছে।
