হিলির রেলপথ দিয়ে আরও আড়াই হাজার টন পাথর আমদানি

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৩:৪৩ পিএম

দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত পাথরের চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সড়ক পথের পাশাপাশি রেলপথ দিয়ে ভারত থেকে আরও আড়াই হাজার টন পাথর আমদানি করা হয়েছে।

শনিবার বিকেল ভারতের বিহার প্রদেশ থেকে আমদানিকৃত পাথরবোঝাই মালবাহী ট্রেনটি ৪২টি বগি নিয়ে বিরল রেলপথ দিয়ে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।

এর আগে গত ৭ আগস্ট রেলপথ দিয়ে ২ হাজার ৪১১ টন চিপস পাথর আমদানি করা হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, করোনার প্রভাবে আড়াই মাস হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

এতে দেশের বাজারে পাথরের সরবরাহ কমায় দামও বেড়ে গিয়েছিল। অপরদিকে পাথরের সরবরাহে ব্যাঘাত ঘটায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হওয়ায় পাথর আমদানি হচ্ছে তবে তা চাহিদার তুলনায় কম।

এর কারণে দেশে পাথরের চাহিদা মেটাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সড়ক পথের পাশাপাশি রেলপথ দিয়ে পাথর আমদানি করা হচ্ছে।  

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, শনিবার বিকেলে আমদানিকৃত চিপস পাথর নিয়ে ভারত থেকে একটি মালবাহী ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটিতে সর্বমোট ২ হাজার ৪৮৯ টন পাথর আমদানি করা হয়েছে, যার আমদানিকারক হিলির জেএইচএম ইন্টারন্যাশনাল। বর্তমানে ট্রেন থেকে পাথর খালাসের কার্যক্রম চলছে। খালাস শেষ হলে ট্রেনটি আবারও দর্শনা অথবা রহনপুর হয়ে ভারতে চলে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত