টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর এবার আরও বেশকিছু চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন টেক জায়ান্ট আলিবাবাসহ অন্যান্য চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত শনিবার এক সংবাদ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় আলিবাবার মতো আরও চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ তার বিবেচনায় রয়েছে কি না। উত্তরে তিনি ‘ওহ আচ্ছা, হ্যাঁ, আমরা আরও কিছু বিষয় নিয়ে খোঁজ করছি’ বলে জানিয়েছে রয়টার্স।
চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞার মিশন শুরু করেছেন ট্রাম্প প্রশাসন। সম্প্রতি চীনা মালিকানাধীন ছোট ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৯০ দিনের মাথায় যুক্তরাষ্ট্র থেকে সব কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকির দাবি তুলে প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অনেক বিশ্লেষক বলছেন, নির্বাচনের আগে আগে চীনবিরোধী এসব পদক্ষেপ নিয়ে ভোটের ফায়দা তুলতে চাইছেন ট্রাম্প।
