সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববি পরিচালনা পরিষদের ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ (দি এজেন্সি অব দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দি অ্যাফেয়ার্স দ্য মসজিদুল হারাম অ্যান্ড প্রফেটস মস্ক)। গতকাল সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালনের জন্য নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিতে বলা হয়, দুই মসজিদ পরিচালনায় যোগ্য নেতৃত্ব নিয়োগের মাধ্যমে সৃজনশীল কার্যক্রম ও অগ্রগতি নিশ্চিত হবে।
পবিত্র কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের উপপরিচালক আবদুল হামিদ আল মালিকি বলেন, ‘গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাই পরিচালনা পরিষদে নারীদের উপস্থিতি আগের চেয়েও উন্নতসেবা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, “তরুণ বয়সে নেতৃত্বের ভূমিকা পালন করতে নারী-পুরুষ উভয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই মসজিদের পরিচালনা পরিষদ। তা ছাড়া পরিচালনা বিভাগে নারীর ভূমিকাকে উৎসাহ দেওয়া এবং দেশের উন্নয়নে তাদের অবদান-সহায়তা সৌদি আরবের ‘ভিশন-২০৩০’-এর বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।”
