ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার কথিত যুবলীগ নেতা ও ‘টেন্ডার কিং’ পরিচিতি পাওয়া ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির সঙ্গে আজিমপুর সরকারি কলোনীতে বহুতল ভবন নির্মাণের চুক্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ হয়ে গেছে।
জিকেবির কোম্পানির পক্ষে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। ফলে গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত সার্কেল-৪ ঢাকার এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল।
গত ১৬ ফেব্রুয়ারি গণপূর্ত সার্কেল-৪ এ চুক্তি বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান, যেহেতু কোম্পানির মালিক গ্রেপ্তার আছেন তাই আজিমপুর সরকারি কলোনীতে বহুতল ভবন নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়ার আশঙ্কায় ১৬ ফেব্রুয়ারি চুক্তি বাতিল করে সরকার। পরে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ও তার দেহরক্ষীদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দু'শ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র, মাদক ও অর্থপাচার ও দুর্নীতির মামলায় জি কে শামীম কারাগারে রয়েছেন।
