মাদারীপুরের কালকিনিতে স্বামীর দায়ের কোপে ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গত রোববার দুপুরে উপজেলার মিনাজদি গ্রামে এ ঘটনা ঘটে। ময়না বেগম মাদারীপুর সদর উপজেলার করদী গ্রামের মৃত আবদুল হাই মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মো. আজিজ খানের ছেলে সোলায়মান খানের (৩৫) সঙ্গে ময়নার পারিবারিকভাবে বিয়ে হয়। খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রবিবার দুপুরে সামান্য বিষয় নিয়ে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সোলায়মান দা দিয়ে ময়নাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, স্বামী সোলায়মান খানকে আটক করেছি।
অপরদিকে, বুড়িগঙ্গা নদীর বাবুবাজার ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত পুরুষের (৪৫) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল সোমবার বেলা ২টায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাটানো হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে।
