দেশে করোনা মহামারীজনিত সাধারণ ছুটি শেষে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু নির্যাতন। গেল জুনের তুলনায় জুলাই মাসে কর্মক্ষেত্রে শিশু নির্যাতন বেড়েছে শতকরা ১৩৭ ভাগ। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) তাৎক্ষণিক টেলিফোন জরিপে এসব তথ্য বেরিয়ে এসেছে।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, করোনা পরিস্থিতিতে নারী ও শিশুরা কেমন আছে তা জানার জন্য ৫৩টি জেলার ১১১টি সহযোগী সংগঠনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে জুলাই মাসে। কথা বলা হয়েছে ৪৪ হাজার ৮৭৫ নারী ও ১৯ হাজার ৯৩ শিশুর সঙ্গে। জরিপে দেখা গেছে, জুলাই মাসে ৬৯২ শিশু তাদের কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছে। জুনে প্রায় কাছাকাছি সংখ্যক নারী ও শিশুর ওপর জরিপে নির্যাতনের শিকার শিশু ছিল ২৯২। জুলাইয়ে নারী ও শিশু মিলিয়ে মোট নির্যাতিতের সংখ্যা ১১ হাজার ৪৭১। এর মধ্যে নারী ৮ হাজার ৪৯২। জুনে মোট নির্যাতন ছিল ১২ হাজার ৭৪০টি এবং তার মধ্যে নারী ৯ হাজার ৮৪৪। এছাড়া জুলাইয়ে মোট নির্যাতনের শিকার ২ হাজার ৯৭৯ শিশুর মধ্যে মেয়েশিশু ১ হাজার ৯৭৯ এবং ছেলেশিশু ১ হাজার। অপহরণ হয়েছে ৬৯ শিশু।
