নিরো বেহালা বাজাচ্ছিলেন আর ট্রাম্প গলফ খেলছেন: বার্নি স্যান্ডার্স

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৮:০৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিরোধী পক্ষের আক্রমণও যেন ততই তীক্ষ্ণতর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। নিরোর সঙ্গে ট্রাম্পের তুলনা টেনে বার্নি স্যান্ডার্স বলেছেন, নিরো বেহালা বাজাচ্ছিলেন, ট্রাম্প গলফ খেলছেন।

ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের পক্ষে বড় ঝুঁকি ট্রাম্প। অন্য দিকে, প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার মতে, প্রেসিডেন্ট পদে থাকারই যোগ্যতা নেই ট্রাম্পের।

ডেমোক্র্যাটদের চার দিনের মহাসম্মেলনের শুরুতেই ট্রাম্পকে এ ভাবেই নিশানা করলেন বিরোধীরা। দেশে অর্থনৈতিক সঙ্কট থেকে মহামারির ফলে জনজীবন বিপর্যস্ত হওয়া— সব ক্ষেত্রেই ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ডেমোক্র্যাট নেতা বার্নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রোমের সম্রাট নিরোর সঙ্গে তুলনা করে বার্নির দাবি, রোম যখন আগুনে ভস্মীভূত হচ্ছিল, তখন তিনি বেহালা বাজাচ্ছিলেন আর (আমেরিকার বেহাল দশার সময়) ট্রাম্প গলফ খেলছেন।

নভেম্বরের ৩ তারিখে আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে চার দিন ধরে চলবে ডেমোক্র্যাটদের ন্যাশনাল কনভেনশন। অনলাইনে শুরু হওয়া এই সম্মেলনেই জো বাইডেন এবং কমলা হ্যারিসকে যথাক্রমে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনের দিনেই ট্রাম্পকে ঘিরে একের পর এক ভাষণে আক্রমণ করেন বার্নি থেকে মিশেল ওবামা।

বার্নির মতে, বিজ্ঞানকে অবজ্ঞা করে মহামারির পরিস্থিতিতে মার্কিন জনজীবন আরও সঙ্কটে ফেলে দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে স্বেচ্ছাচারিতার ফলে দেশে গণতন্ত্রও বিপন্ন করে তুলেছেন তিনি। বার্নির কথায়, আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে। আমাদের অর্থনীতি খাদের কিনারায়। বিশ্বের ভবিষ্যৎ বিপন্ন। আমাদের সকলকে একত্র হয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে হবে এবং জো বাইডেন ও কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসাবে বেছে নিতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে তার ভয়াবহ মূল্য চোকাতে হবে, যা কল্পনার অতীত।

অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেছেন, আমাদের দেশের পক্ষে একেবারেই ভুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখনই আমরা নেতৃত্বের জন্য, সান্ত্বনা বা স্থিরতার কোনও প্রতীকের জন্য হোয়াইট হাউসের দিকে তাকিয়েছি, তার পরিবর্তে শুধু বিশৃঙ্খলা, বিভাজন এবং পুরোপুরি সহানুভূতির অভাবই টের পেয়েছি।

ভোটারদের কাছে বিভাজনের রাজনীতি পরিত্যাগ করারও আর্জি জানিয়েছেন মিশেল ওবামা। ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা তির ছুড়ে মিশেলের দাবি, প্রেসিডেন্ট পদে থাকার জন্য অযোগ্য তিনি। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কোনও যোগ্যতা নেই। এমনকি, ট্রাম্পের চারিত্রিক কাঠিন্য বা শালীনতারও অভাব রয়েছে বলে মন্তব্য করেন মিশেল।

ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়ে পাল্টা বিবৃতিতে রিপাবলিকানদের দাবি, এটা বার্নি স্যান্ডার্সের পার্টি। জো বাইডেন যেখানে একটা শূন্য পাত্র মাত্র।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত