প্রকৌশলীকে মারধর করা ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১১:১০ পিএম

রাজশাহী গণপূর্ত কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (২৮) পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত ঠিকাদার শাহাবুল মঞ্জু লিটনকে (৩১) কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

মঙ্গলবার রাজশাহী গণপূর্ত কার্যালয় চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, অনৈতিক সুবিধা না দিলেই ঠিকাদাররা প্রকৌশলীদের ওপর চড়াও হন। এটা চলতে দেওয়া যায় না। ঠিকাদার লিটনের ‘সাফির ইঞ্জিনিয়ার অ্যান্ড বিল্ডার্সের’ লাইসেন্স বাতিল ও চলমান সব কাজের কার্যাদেশ বাতিল করতে হবে। ভবিষ্যতে কেউ প্রকৌশলীকে লাঞ্ছিত করলে তার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করতে হবে।

আয়োজক সংগঠনের জেলা সভাপতি মো. ছাইদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক মো. আয়াতুল্লাহ, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি বাবর আলী, আইইডিবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল নোমান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভূমি অফিসের নির্মাণকাজে নিমœমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় গত সোমবার গণপূর্ত কার্যালয়ে গিয়ে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারধর করেন ঠিকাদার লিটন ও তার সহকারী আতিকুর রহমান। পরে এ ঘটনায় দায়ের মামলায় পুলিশ লিটন ও আতিককে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত