গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির সদস্য পদ থেকে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।
এ বিষয়ে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। দুই দিন বাকি থাকতেই একজন সদস্যকে অব্যাহতি দেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ওই চিঠিতে সহকারী রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য মো. নজরুল ইসলামকে জানানো হয়েছে যে, বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরি যাওয়া বিষয়ক তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের ঊর্ধ্বে রাখার স্বার্থে তদন্ত কমিটির ৬জন সদস্যের মতামতের ভিত্তিতে তদন্ত কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হলো।
এ বিষয়ে তদন্ত কমিটি থেকে অব্যাহতি পাওয়া সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি এখন পর্যন্ত হাতে চিঠি পাননি। চিঠি হাতে পাওয়ার পর মন্তব্য করবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
অবশ্য ইতোমধ্যে পুলিশ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফসহ ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি কম্পিউটার পুলিশ ঢাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে।
