করোনাভাইরাসে আক্রান্ত রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সকালে তার ছেলে ফারাজ করিম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন।
এর আগে সর্দি-জ্বর থাকায় গত সোমবার সকালে নমুনা দিয়েছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের পাথরঘাটার বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণসামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন।
