সাবরিনা-আরিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০১:২৯ পিএম

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে।

করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

মামলার কাগজপত্রের কপি পাননি উল্লেখ করে এ সময় আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করার আবেদন জানান। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ।

উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারী এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বেলা আড়াইটার সময় ঠিক করেন।

গত ৫ আগস্ট ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগে সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

অভিযোগপত্রে বলা হয়, করোনা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেছেন জেকেজির সাবরিনা ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী। এ দুজন ছাড়াও মামলার অন্য ছয় অভিযোগপত্রভুক্ত আসামি হলেন জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা। মামলা থেকে মামুনুর রশীদ নামের আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা করার ৪২ দিনের মাথায় অভিযোগপত্র দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত