ধনী নারী ক্রীড়াবিদদের তালিকায় টেনিসের জয়জয়কার

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০২:৩১ পিএম

ধোনি নারী ক্রীড়াবিদদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস। গত এক বছরের হিসেবে এই তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি আয় করা ১০ নারী অ্যাথলেটের নয়জনই টেনিস খেলোয়াড়!

ধোনি দশ নারী ক্রীড়াবিদের মধ্যে শীর্ষে রয়েছেন জাপানের টেনিস তারকা নওমি ওসাকা। তার আয় ৩ কোটি ৭৪ লাখ ইউএস ডলার। তিন কোটি ৬০ লাখ ডলার নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

নারী টেনিস এককে র‍্যাঙ্কিংসেরা অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি আয়ের তালিকায় আছেন তৃতীয়স্থানে, ১ কোটি ৩১ লাখ ডলার।

এক কোটি ৯ লাখ ডলার আয় নিয়ে চতুর্থস্থানে আছেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ; পঞ্চমস্থানে কানাডার বিয়ানকা আন্দ্রেস্কু (৮৯ লাখ ডলার)।

ছয় নম্বরে আছেন গার্বিনে মুগুরুসা (৬৬ লাখ ডলার), সপ্তমস্থানে আছেন ক্রোয়েশিয়ার এলিনা ভিতোলিনা (৬৪ লাখ ডলার), ৫৮ লাখ ডলার নিয়ে অষ্টমস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন, নবমস্থানে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার (৫৩ লাখ ডলার)।

এক বছরে সবচেয়ে বেশি আয় করা ১০ নারী খেলোয়াড়ের মধ্যে টেনিসের বাইরে একমাত্র খেলোয়াড় হলেন যুক্তরাষ্ট্রের ফুটবলার অ্যালেক্স মর্গান; ১০ নম্বরে থাকা এই অ্যাথলেটের আয় ৪৬ লাখ ডলার।

গত মে মাসে প্রথমবারের মতো মা হন মর্গান। এই সময়ে এনডোর্সমেন্ট হিসেবে ৪২ লাখ ডলার আয় করেছেন তারকা এই স্ট্রাইকার।

নারী অ্যাথলেটদের মধ্যে বার্ষিক আয়ে ২০১৫ সালে গড়া রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভার ২ কোটি ৯৭ লাখ ডলার আয়ের রেকর্ডটি ভেঙে দিয়েছেন ওসাকা ও সেরেনা দুজনই।

পুরুষ ও নারী মিলিয়ে মে পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বিশ্বের একশো ক্রীড়াবিদের মধ্যে ওসাকার অবস্থান ২৯তম এবং সেরেনার অবস্থান ৩৩ তম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত