কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১২:৫৯ এএম

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন দুলাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা ম-লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুলাল ওই গ্রামের সোনাম উদ্দিনের ছেলে। দুলালের স্ত্রীর নাম আয়েশা আক্তার (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে গতকাল সকালে দুলাল মিয়া তার স্ত্রী আয়েশাকে শ্বাসরোধে হত্যা করেন। স্ত্রীকে হত্যার পর উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন দুলাল।

আত্মহত্যা করার আগে দুলাল তার মেয়ে শিফাকে ফোনে বলেন, ‘আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না।’ এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত