মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে অনেকদিন ধরে অন্ধকারে ঢেকে রেখেছেন, আমি হব আলোর সহযাত্রী।
দেশটির সাবেক ভাইস-প্রেসিডেন্ট এবং আসন্ন প্রসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এমন মন্তব্য করেছেন।
বিবিসি জানায়, ডেমোক্র্যাট পার্টির বার্ষিক কনভেনশনের শেষ দিনে বক্তব্য রাখেন জো বাইডেন। চার দিন ব্যাপী এ কনভেনশনের শেষ বক্তা ছিলেন তিনি।
বক্তব্যে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পকে একের পর এক আক্রমণ চালিয়ে যান বাইডেন।
তিনি বলেন, ‘ট্রাম্প হচ্ছে অনেক বেশি রাগী, অনেক বেশি ভীতু এবং অনেক বেশি বিভেদ সৃষ্টিকারী।’
প্রায় অর্ধশতকের রাজনৈতিক ক্যারিয়ারে এটি ছিল বাইডেনের সবচেয়ে আবেগপূর্ণ ভাষণ।
করোনার কারণে কনভেনশনের গত তিনদিন অতিথিরা ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন। শেষদিন নিজের শহর উইলমিংটনে প্রায় খালি একটি সেন্টারে বক্তব্য রাখেন বাইডেন।
ভোটারদের উদ্দেশে ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ‘এখানে এখন আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে যদি আপনারা প্রেসিডেন্টের দায়িত্ব দেন তাহলে আমার সবচেয়ে ভালোটাই দিব, খারাপ কিছু নয়।’
তিনি বলেন, ‘আমি হবো আলোর সহযাত্রী, অন্ধকারের নয়। এখন আমাদের সময় এসেছে সম্মিলিত হওয়ার। এখন ভুল করার সময় নয়। আমেরিকাকে অন্ধকার থেকে বেরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
নভেম্বরে আসন্ন নির্বাচনে তাকে নির্বাচিত করার ভোটারদের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘আমরা ভয়ের বিপরীতে আশাকে বেছে নিব - নাটকীয়তার ওপরে সত্য এবং বিশেষ সুবিধা আদায়ের ওপরে ন্যায্যতা।’
গত তিনদিনে কনভেনশনে ট্রাম্পকে একের পর এক আক্রমণ করে গেছেন ডেমোক্র্যাট নেতারা। মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।
এ কনভেনশনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হয়। ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পান কমলা হ্যারিস।
মার্কিন নির্বাচনী প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোনো পার্টি থেকে এই পদে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত কমলা।
