বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়াবাড়ির কমতি রাখে না ভারতীয় মিডিয়া। প্রেম-বিয়ের গুঞ্জন তারকা বা তাদের পরিবার সহজভাবে নিলেও অসুস্থতা নিয়ে অতিরঞ্জন মানতে কষ্ট হয়।
সাম্প্রতিক সময়ে ভারতীয় মিডিয়া সুশান্ত সিং রাজপুত ও তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে ভীষণভাবে মেতেছে। এর মাঝে সঞ্জয় দত্তর ক্যানসারের খবর নিয়ে শুরু হয়েছে গুজব ছড়ানোর প্রতিযোগিতা।
বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা। এবার তার সঙ্গে যুক্ত হলেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল।
দুদিন আগে ক্যানসারের স্টেজ নিয়ে জল্পনা না বাড়ানোর আরজি জানান মান্যতা। সেই সুর শোনা গেল বাবিলের কণ্ঠে। সোশ্যাল মিডিয়ায় ইরফান ও সঞ্জয়ের সাদা-কালো একটি ছবি পোস্ট করে বাবিল বলেন, ‘‘এই কঠিন সময়ে তাদের পাশে থাকুন। কিন্তু অযথা কৌতূহল বাড়িয়ে তাদের ওপরে চাপ সৃষ্টি করবেন না।’’
আরও জানান, ইরফানের ক্যানসার ধরা পড়ার পরে সঞ্জয় দত্ত প্রথম ব্যক্তি যিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ইরফান মারা যাওয়ার পরেও একই ভূমিকায় দেখা গেছে। তার জন্য সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাবিল।
চলতি বছর এপ্রিলে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে ভুগে মারা যান ইরফান। এর আগে বছর দেড়েক বিদেশে চিকিৎসা নেন তিনি।
