পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিলেট সফরকালে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়ার করোনা শনাক্ত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে তিনি মন্ত্রীদের প্রটোকলের দায়িত্ব পালন করেন। এরপর বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে জানানো হয় ওসি সেলিম মিয়া করোনা পজিটিভ।
মঙ্গলবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। দুই মন্ত্রীর নিরাপত্তায় করোনা আক্রান্ত ওসির দায়িত্ব পালন নিয়ে প্রশাসনের অভ্যন্তরে বেশ হুলস্থুল চলছে। প্রশ্ন উঠেছে করোনা উপসর্গ থাকা সত্ত্বেও কেন ওসি মন্ত্রীদের প্রটোকলের দায়িত্বে গেলেন।
মঙ্গলবার বিকালে সিলেট সফরে আসেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ (সদর) আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন।
পরদিন বুধবার তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালনে ছিলেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া।
বৃহস্পতিবার বিভাগের সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওইদিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী এসে পৌঁছলে তার নিরাপত্তার দায়িত্বেও ছিলেন ওসি সেলিম মিয়া।
করোনা উপসর্গ নিয়েই দুই মন্ত্রীর প্রটোকলে দায়িত্ব পালন করেন ওসি সেলিম মিয়া। আর বৃহস্পতিবার রাতেই তার করোনা শনাক্ত হয় তার।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহকারি কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত ওসি দায়িত্ব পালন করেছেন। শনাক্তের পর থেকে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
করোনা উপসর্গ নিয়ে ওসির দায়িত্ব পালন প্রসঙ্গে কিছু বলতে অস্বীকৃতি জানান সহকারি কমিশনার।
বৃহস্পতিবার রাতে ওসি সেলিম মিয়া তার করোনা শনাক্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ওইদিন তিনি আরো জানান, করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তিনি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা দিয়েছিলেন।
