করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাঠদান শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনলাইনে ক্লাস গ্রহণ সম্পর্কিত বিস্তারিত পরে জানানো হবে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।
গতকাল শুক্রবার তিনি দেশ রূপান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাঠদান শুরু হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিনবৃন্দ তাদের অধীন নিজ নিজ বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। অনলাইনে ক্লাস গ্রহণ সম্পর্কিত বিস্তারিত পরে জানানো হবে।
