অর্থ পাচারের মামলা

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৩:৩৪ এএম

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। গত ২৬ জুন সিআইডি ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে অর্থ পাচার আইনে মামলা করে। ওই মামলার আসামি হিসেবে নিশান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সিআইডি পুলিশও তাকে অর্থ পাচার আইনের করা মামলায় গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।

পুলিশ সুপার আলিমুজ্জামান আরও বলেন, অর্থ পাচারের ওই মামলায় ঢাকায় নিশান মাহমুদ গ্রেপ্তার হলেও তাকে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া অন্য এক মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানো হবে। এছাড়া তাকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা এবং অর্থ পাচার আইনে করা মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত