ঝালকাঠিতে মহাসড়কে উপড়ে পড়েছে গাছ, যান চলাচল বন্ধ

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১১:৪১ এএম

ঝালকাঠিতে বরিশাল মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের উপর গাছ পড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল সাতটার দিকে জেলার রাজাপুর উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন মহাসড়কে ও রাজাপুর বাইপাস মোড় ব্রিজের দক্ষিণ পাশে বড় দুটি রেইনট্রি গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে রাস্তার দুই পাড়ে অপেক্ষমাণ শতাধিক যানবাহনের হাজার খানেক যাত্রী।

স্থানীয়রা জানায়, গত দুইদিন ধরে টানা বর্ষণ ও অমাবশ্যার কারণে পানি বৃদ্ধি পাওয়ায় গাছের গোড়া নরম হয়ে সকাল সাতটার দিকে রাস্তার পাশে থাকা রেইনট্রি গাছ দুটো রাস্তার উপর হেলে পড়ে।

image

এতে বরিশাল মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাড়ের যানবাহনগুলো বন্ধ হয়ে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। ঘটনার পর থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা গাছ অপসারণের কাজ শুরু করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, সকালে আমরা প্রথমে রাজাপুর হাসপাতাল মোড়ে মহাসড়কের উপর গাছ পড়েছে এমন খবরে আমরা এখানে আসি। পরবর্তীতে রাজাপুর বাইপাস মোড়ের দক্ষিণ পাশে মহাসড়কের  উপর আরও একটি গাছ হেলে পড়ার খবর পাই।

আমাদের কর্মীরা সকাল থেকেই মহাসড়কের উপর হেলে পড়া গাছ দুটিকে অপসারণের চেষ্টা করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই মহাসড়ক থেকে গাছ অপসারণ করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত