মানসম্মত কনটেন্ট ও দর্শক বিচারে ওটিটি প্ল্যাটফর্মের জগতে নেটফ্লিক্সই এখনো সেরা। চলতি বছরের শুরু থেকে করোনার কল্যাণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রাহক। তার সঙ্গে পাল্লা দিয়ে নতুন সিনেমা-সিরিজও মুক্তি পাচ্ছে।
এরই মধ্যে ফরাসি সিনেমা ‘কিউটিজ’ নিয়ে বিপাকে পড়তে হলো নেটফ্লিক্সকে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়ে চাইতে হলো ক্ষমা।
কামিং এজ কমেডি ড্রামা ‘কিউটিজ’। ছবির কাহিনি এগারো বছরের এমিকে নিয়ে। সমাজের বিধি-নিষেধের বেড়াজাল টপকে নাচ শিখতে চায় এমি। তার সংগ্রামের কাহিনি সিনেমায় তুলে ধরেছেন পরিচালক মাইমুনা দুকোরে।
এপ্রিলে ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘কিউটিজ’-এর। কিন্তু করোনার জেরে তা মুক্তি পায়নি। পরে ফ্রান্স বাদ দিয়ে বাকি বিশ্বের জন্য নেটফ্লিক্সে অবমুক্ত হয়।
এ উপলক্ষে প্রকাশিত পোস্টার নিয়ে আপত্তি তুলেছে নেটদুনিয়ার একাংশ। অভিযোগকারীদের মতে, পোস্টারে বালিকা অভিনেত্রীদের অশালীনভাবে তুলে ধরা হয়েছে। তাদের নাচের ভঙ্গিমাও আপত্তিজনক। এ নিয়ে অনলাইনেও পিটিশন দিয়েছে অনেকে।
এমন সমালোচনার মুখে পড়ে ছবির পোস্টারের জন্য ক্ষমা চেয়েছে নেটফ্লিক্স। সঙ্গে উল্লেখ করে, এটি প্রেক্ষাগৃহের জন্য ডিজাইন করা প্রযোজকদের পোস্টার নয়। শুধুমাত্র নেটফ্লিক্স নিজেদের প্রচারের স্বার্থে প্রচার করেছে।
