দেশের প্রধান প্রধান নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে জোয়ারের পানি নামতে পারছে না। এতে উপকূলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে লাখো মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ফসল ও মাছের ঘেরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে শহর রক্ষা বাঁধ অতিক্রম করে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
অমাবস্যার প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে পটুয়াখালী শহরসহ অন্তত ৫০টি গ্রাম। ৫ থেকে ৬ ফুট উচ্চতার জোয়ারে তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ চরাঞ্চল।
জেলার কলাপাড়া উপজেলার লালুয়ার চারিপাড়ার পারভেজ ও ফিরোজ জানান, বর্ষা মৌসুমে প্রতি বছর অমাবস্যা-পূর্ণিমার সময় জোয়ারে ৫-৭ দিনের দুর্ভোগ থাকে। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবারের জোয়ারের মতো এত পানি তারা আগে কখনো দেখেননি।
