সৌদি আরবে সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক ভাইয়ের মৃত্যু হয়েছে। আরেক ভাই নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার দেশটির গম্বুজ শহরে ঘটে এ ঘটনা।
মারা যাওয়া উসমান আহমদ (৩৩) ও নিখোঁজ মোহাম্মদ অসীম (৪২) উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে। অসীম ও উসমানের সৌদি আরব প্রবাসী বড় ভাই জসিম মিয়ার বরাতে তাদের চাচাতো ভাই সাহিল আহমদ খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জসিম, অসীম ও উসমান ৩ ভাই সৌদি আরবের গম্বুজ শহরে বসবাস করেন। গত শুক্রবার ভোরে অসীম ও উসমান সাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে যান। ওইদিন বিকেলে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে এলেও অসীম ও উসমান ফেরেননি। তখন তাদের বড় ভাই জসিম সাগরতীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
শনিবার সকালে সৌদি নৌপুলিশ উসমানের লাশ উদ্ধার করেছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অসীম।
