রাজধানীর চকবাজার থেকে ২ জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০১:১৫ এএম
রাজধানীর চকবাজার এলাকা থেকে উগ্রবাদী ও ধর্মীয় লিফলেটসহ মো. হানিফ হোসেন (৩১) ও মো. জামাল বেপারী (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 
গত শুক্রবার রাতে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার সিপিসি-৩ মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা হয়েছে।
 
শনিবার র‌্যাব ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজধানীর চকবাজার এলাকায় সরকার কর্র্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’-এর কয়েকজন সক্রিয় সদস্য উগ্রবাদী ও ধর্মীয় লিফলেট বিতরণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১১৪ কপি উগ্রবাদী লিফলেটসহ হানিফ হোসেন ও জামাল বেপারী নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। 
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’ সংগঠনের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। ধৃত আসামিরা ‘আল্লাহর দল’ সংগঠনের অপর এক সদস্য মিনহাজের মাধ্যমে এই কাজে উদ্বুদ্ধ হয়েছে। মিনহাজ উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে গত বছরের ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে আটক আছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত