রিজভীর প্রশ্ন

ফরিদপুর ছাত্রলীগ সভাপতি শামীম কি বিএনপির দুর্নীতির ফল

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০২:০৭ এএম

বিএনপি ‘দুর্নীতির বিষবৃক্ষ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি শামীম কোটি কোটি টাকা পাচার করল। ওটাও কি বিএনপির দুর্নীতির ফল?’ গতকাল শনিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক স্মরণসভায় তিনি এ পাল্টা প্রশ্ন করেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গত শুক্রবার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিগত বিএনপি সরকার ‘দুর্নীতির বিষবৃক্ষ রোপণ’ করে গেছে এবং বাংলাদেশ এখন তার ফলভোগ করছে।’ 

ওই বক্তব্যের জবাবে রিজভী বলেন, আমরা যদি আওয়ামী লীগকে একটা ঘর ধরি,  সেই ঘরে যারা বসবাস করেন তাদের ভ্যানিটি ব্যাগ থেকে বের হয় পাপুল, তাদের সুটকেস থেকে বের হয় মো. সাহেদ, তাদের আলমারি থেকে বের হয় বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা। সব তো আওয়ামী লীগের ঘর থেকে বেরুচ্ছে। আপনার শাসনামলের সন্ত্রাসের বিষবৃক্ষের কথা তো বলেননি, গুমের বিষবৃক্ষ এখানে রোপণ করেছেন তার কথা তো বলেননি।

তিনি দাবি করে বলেন, বিএনপিকে ফাঁসাতে একুশে আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফল। আওয়ামী লীগের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল হচ্ছে একুশে আগস্ট বোমা হামলা এবং তারপরের বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত