বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তাদের সব অপকর্মের জন্য জনগণের কাছে সরকারের জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে।
রবিবার গণমাধ্যমে পাঠানো দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার মানুষের ভোট এবং গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে বিরোধী দল ও বিরোধী মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে। বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করছে সরকার।
তিনি বলেন, ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানো সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই অংশ।
